সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সোমবার বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
এ ঘটনায় জামগড়াসহ আশপাশের বেশ কিছু পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ঢাকা-আশুলিয়া মহাসড়কের জামগড়া এলাকায় পলমল নামে একটি পোশাক কারখানার সামনে আলেয়া নামে এক নারী শ্রমিককে একটি হিউম্যান হলার চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
এসময় আশপাশের লোকজন হিউম্যান হলারটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অবৈধ হিউম্যান হলার চলাচল বন্ধের দাবিতে পলমল কারখানার শ্রমিকরা সড়কে নামলে অন্যান্য কারখানর শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।
এ সময় তারা আটক হিউম্যান হলারটিসহ ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।