দুই বিদেশি হত্যা ও সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
এছাড়ও বাড়তি নিরাপত্তা দিতে সক্রিয় রয়েছে পুলিশ দেশ টিভিকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
এদিকে, বিদেশিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি হালনাগাদ করা হয়েছে তাদের তালিকাও বলে জানান তিনি।
ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ড এবং দেশে হঠাৎ খুন ও অপরাধ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী নানা উদ্যোগ গ্রহণ করেছে।
অপরাধী সনাক্তে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলোও সচলের উদ্যোগ নেয়া হযেছে। বছর দুয়েক আগে চট্টগ্রাম শহরের ১৯ টি গুরুত্পূর্ণ মোড়ে অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়। চট্টগ্রামের পুলিশ সদরদপ্তর থেকে এই ক্যামেরাগুলো মনিটরিং করা হয়।
বিভিন্ন সময়ে এসব সিসিটিভি ক্যামেরার অনেকগুলো যান্ত্রিক ত্রুটি থাকায় বন্ধ থাকে। বিশেষ করে ঢাকায় ইতালি নাগরিক তাবেলা হত্যার ঘটনার সময় ওই এলাকার সিসিটিভি অচল ছিল বলা হচ্ছে। এসব কারণে চট্টগ্রাম শহরের সিটিভি ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ নেয় পুলিশ।