রংপুরে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেন। তবে দাফন কোথায় করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কুনিও হোশিকে দাফন করার জন্য তার কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন। এরপর রাত তিনটার দিকে রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত জায়গায় কুনিওর মরদেহ দাফন করা হয়।
গত ৩ অক্টোবর রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকে তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। আবার বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাই রংপুরের স্থানীয় প্রশাসনকে জাপান দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি রংপুরের বিভাগীয় কমিশনারকে পাঠানো হয়। কুনিও হোশি মুসলমান হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে জাপান ও বাংলাদেশ সরকার। তাই তাকে মুসলিম রীতিতে দাফন করতে জাপান দূতাবাস আগ্রহ প্রকাশ করেছে। মুসলমান হওয়ার সপক্ষে অঙ্গীকারনামায় কুনিওর নাম গোলাম মোহাম্মদ কিবরিয়া।