রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধসহ ৬ দফা দাবিতে খুলনায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে বাম মোর্চার লং মার্চ। রোববার নগরীর হাদীস পার্কে বিকেল তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বাগেরহাট জেলার কাটাখালীতে সমাবেশের মধ্য দিয়ে এ রোড মার্চ শেষ করার ঘোষণা দেন বাম মোর্চার নেতারা।
সমাবেশে সুন্দরবন ধ্বংসকারী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধ ছাড়াও ঘুষ দুর্নীতি বন্ধ, বন্ধ কারখানা চালু, খাস জমির সঠিকভাবে বন্দোবস্ত ও কৃষকের মাঝে নায্যমূল্যে সার সরবরাহসহ উৎপাদিত পণ্যের নায্য মূল্যের দাবি জানানো হয়।
শুক্রবার সিপিবি ও বাসদ যৌথ উদ্যোগে শুরু হওয়া এ লংমার্চ নগরীর ফুলতলা, দৌলতপুর ও শহীদ হাদিস পার্কে সমাবেশ ও পথসভা করে।
এর আগে, গত ১৩ অক্টোবর বিকালে ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে এই লংমার্চ যাত্রা শুরু করে। পথে বিভিন্নস্থানে পথসভা, সভা ও লিফলেট বিতরণ করা হয়। একই দাবিতে দ্বিতীয় দফায় লংমার্চের মত কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা।
বাগেরহাটের রামপাল উপজেলায় ১ হাজার ৮’শ ৩৪ একর জমি অধিগ্রহণ ও ভরাট করে ভারত সরকারের সঙ্গে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় দফায় পর্যায়ক্রমে ২ হাজার ৬শো ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।