লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা ও ২টি ছোরা উদ্ধার করে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পাকা ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রহিম ওরফে রইয়া নামে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ।
তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।