মাগুরার গঙ্গারামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরব আলী লস্কার (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ এ ঘটানার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবু জিহাদ দেশ টিভিকে বলেন, শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন ও ডলারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই সূত্র ধরে শনিবার ভোরে ডলার গ্রুপের সমর্থক আরব আলী লস্কারকে একা পেয়ে কুপিয়ে আহত করে ফরিদ ও তার সহযোগীরা।
আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে পথেই সে মারা যান। ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে মরদেহ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেনসহ ৭ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।