নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজেদ বলেন, সোমবার সকালের দিকে চরকাকরা ইউনিয়নের নতুনবাজার এলাকার একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক মারা যান।
তারা হলেন- বাবুল (৩৭), জাফর (৩৫) ও জাফর (৩৩)।
স্থানীয়দের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেপটিক ট্যাংকের ভেতরে নামার কিছুক্ষণ পরই তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোহাম্মদ সেলিম জানান, সকালে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে তিন শ্রমিককে মৃত অবস্থায়ই আনা হয়।
চিকিৎসক বলেন, সম্ভবত বন্ধ সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন।