সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ময়মনসিংহে জমিদারদের তৈরি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি বা শশীলজের সৌন্দর্য্য। শশীলজের সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় সেখানে অবাধে প্রবেশ করছে লোকজন।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে-দুপুরে চলছে মাদকসেবন, অসামাজিক কাজ এবং পুকুরে মাছ ধরাসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ড। ফলে হুমকির মুখে পড়েছে ভবনের বিভিন্ন অংশ, সীমানা প্রাচীর, পুকুর ঘাট, বাগানসহ নানা ঐতিহাসিক স্থাপনা।
সীমানা প্রাচীর ভেঙ্গে যাওয়ায় লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছেনা এখানকার কর্মচারীরা। আর নাগরিক নের্তৃবৃন্দ বলছেন ইতিহাস ঐতিহ্য অরক্ষিত থাকলে একসময় এগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
অরক্ষিত অবস্থার কথা স্বীকার করে দ্রুত রাজবাড়িটি সংস্কার করার উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্যের দত্তক পুত্র শশীকান্ত আচার্য ১৯০৫ সালে ময়মনসিংহের ব্রম্মপুত্র নদের তীরে নির্মাণ করেন বাইজেন্টাইন ধাঁচের ভবন। ভবনটি মানুষের কাছে বর্তমানে রাজবাড়ি বা শশীলজ নামে পরিচিত। মূল ভবনের সামনেই রয়েছে গ্রিক দেবি ভেনাসের স্নানরতা মর্মর মূর্তি ও ফোয়ারা, পদ্মবাগান, রঙ্গশালা, স্নানঘর এবং স্নানঘাট।
ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা সংস্কার ও সংরক্ষণে দ্রুত উদ্যোগ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার।