সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে দ্বিতীয় দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন, অধ্যেক্ষসহ সকল কক্ষে তালা ঝুলিয়ে ও মানববন্ধন করে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পরও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। ৩০ শয্যা নিয়ে শুধুমাত্র মেডিসিন ওয়ার্ড চালু করা হয়েছে। যা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হওয়া বাধ্যতামূলক।
শিক্ষার্থীদের বার বার এ ব্যাপারে আশ্বস্ত করা হলেও ২৫০ শয্যা হাসপাতাল চালুর ব্যাপারে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে তাদের। ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, টার্ম ও ওয়ার্ডসহ সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অধ্যক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল (শনিবার) থেকে এ আন্দোলন শুরু হয় এবং গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। এর প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ২৫০ শয্যা হাসপাতাল।