নাটোরের হুগোলবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে নাটোরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
নাটোরের রেল স্টেশন মাষ্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনার সাড়ে ৬ ঘণ্টা পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রেলের ইঞ্জিনটি রেল লাইনে পুনঃস্থাপিত এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি হুগোলবাড়িয়া পৌঁছে। তেবাড়িয়া রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি পাথর বোঝাই ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষে আহত হন ১০ জন।
সংঘর্ষের ঘটনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে নাটোরের সঙ্গে ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।