আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে বুধবার তল্লাশির সময় ছুরিকাঘাতে শিল্প পুলিশের একজন কনস্টেবলকে হত্যা ও আরেকজনকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সাভার থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল বলেন, থানা ও শিল্প পুলিশের একটি দল আশুলিয়ার কালিয়াকৈর-নবীনগর সড়কের নন্দন পার্কের সামনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সকাল পৌনে ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক কালিয়াকৈর থেকে নবীনগরের দিকে যাওয়ার পথে পুলিশ সেটি থামায়।
এ সময় পুলিশ কাছে যাওয়া মাত্রই তারা কনস্টেবল মুকুল ও নূরে আলমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মুকুল ও নূরে আলম দৌড়ে সড়কের পাশের একটি হোটেলে ঢুকে পড়েন।
ওই দুই যুবক পুলিশের পিছু পিছু এসে ওই হোটেলে ঢুকে আবারও তাদের ছুরিকাঘাত ও গুলি করে এবং কয়েকটি ফাঁকাগুলি করে চলে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার আবনতি হলে তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মুকুলের মৃত্যু হয়।