যশোরের বেনাপোলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস নিহত হয়েছে। এতে এক এসআইসহ আহত ২ কনস্টেবল। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বেনাপোলের পুটখালি এলাকায় এ ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইনএমএম পিস্তলসহ ইলিয়াসকে আটক করা হয়। এরপর বুধবার দুপুরে তাকে নিয়ে একটি পুলিশ ভ্যান যশোরে আদালতের উদ্দেশে রওনা হলে ভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার ঘটে। এতে কৌশলে ইলিয়াস ভ্যান থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশের এক এসআই ও ২ কনস্টেবল আহত হন।
পরে বৃহস্পতিবার রাতে ইলিয়াসকে ধরতে পুলিশ অভিযান চালালে পুটখালি এলাকায় তারা মোটরসাইকেল করে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে পুলিশও উল্টো গুলি করে। এ সময় গুলিতেই ইলিয়াস মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে। ইলিয়াস পুটখালি হয়ে সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও জানিয়েছেন ওসি।