মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে এক উপপরিদর্শকসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আবদুল্লাহপুর চৌরাস্তা থেকে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। সেন্টুর দেয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুলিশ কাঁঠালিয়া ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে গেলে সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা সেন্টুর সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২টি গুলি, একটি চাইনিজ কুড়াল, ২টি রড ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।