সংস্কারের অভাবে নড়াইলের দক্ষিণ অংশের মহাজন-কালনা-ঢাকা সড়কের মহাজন থেকে লোহাগড়া পর্যন্ত সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ছোট-বড় খানাখন্দে ভরা সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ঘরমুখো মানুষ। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নড়াইল সড়ক ও জনপথ বিভাগ ২০০৫ সালে লোহাগড়া-মহাজন সড়কটি নির্মাণ করে।
এ সড়কটি দিয়ে প্রতিদিন নড়াইল, গোপালগঞ্জ, নড়াগাতি, খুলনা ও কালিয়ার শত শত যানবাহন যাতায়াত করে। তবে নির্মাণের পরপরই সড়কটির ১৩ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
খানাখন্দে ভরা সড়কটি পার হতে একদিকে যেমন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য দিকে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। এতে জীবনের ঝুকি নিয়েই চলাচল করছে সাধারণ মানুষ।
গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অনেক রোগী মারা যায়। দীর্ঘ ১০ বছরেও সড়কটি সংস্কার না করায় ক্ষুদ্ধ এলাকাবাসী।
শিগগিরই সড়কটি সংস্কারের আশ্বাস দেন নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীতাপসী দাস।