কোনো অবস্থাতেই দেশে জঙ্গীদের প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ। রোববার দুপুরে পাবনা সফরে এসে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, গত এক বছরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রায় ১১’ শ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। পাশাপাশি পুলিশও গ্রেপ্তার করেছে অনেককে। তবে কোনো অবস্থাতেই এ দেশে জঙ্গিদের প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না।
পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকার হত্যা চেষ্টার ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা ছিল— সেজন্য এই জেলার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বিভাগের সঙ্গে বৈঠক করা হয়েছে— জেলার গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
বেনজীর আহমেদ আরো বলেন, বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। তাই জঙ্গিবাদ ও সমাজ বিরোধীদের নির্মূলে কাজ করছে র্যা ব।
এর আগে, র্যা বের মহাপরিচালক জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করেন।