বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল (বৃহস্পতিবার) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগের জনসভায়ও ভাষণ দিবেন তিনি।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়া সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
প্রায় এক দশকেরও বেশি সময় পর বগুড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী'র সফরকে কেন্দ্র করে বগুড়াকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক।
শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে চলছে আওয়ামী লীগের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা।
এগুলোর মধ্যে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, পাসপোর্ট অফিস, সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গন রোধ প্রকল্পসহ ৩৩টি উন্নয়ন প্রকল্প।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়াবাসীর প্রত্যাশাও বেড়ে গেছে কয়েকগুন। শেখ হাসিনার কাছে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরতে চান তারা।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছেন প্রশাসন।