দীর্ঘদিন সংস্কার না করায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে যেমন যাতায়াতে সময় লাগে বেশি, অন্যদিকে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভারত, ভূটান ও নেপালের সঙ্গে সড়ক পথে যাতায়াত ও পণ্য পরিবহনের পথ লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক। প্রতিদিন শত শত পণ্যবোঝাই ট্রাক পাটগ্রামের বুড়িমারী স্থল হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে।
জেলা সদরের সঙ্গে ৪টি উপজেলার সংযোগ সড়ক হিসেবে এ মহাসড়কটি দিয়ে চলাচল করে লক্ষাধিক মানুষ। ফাটলের কারণে তিস্তা ব্যারেজে দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায়, চাপ বেড়েছে এ মহাসড়কের ওপর।
তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির এখন বেহল দশা। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পরিবহনগুলোকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দু হালিম বলেন, সড়কটি সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে।