ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হবিগঞ্জের কান্দিগাঁও গ্রাম থেকে অটোরিকশায় করে শেখ সুফিয়ান তার পরিবারের ৫ সদস্য নিয়ে গোপলারবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন। তারা মহাসড়কে পৌঁছলে পুলিশ অটোরিকশাটি ধাওয়া করে। চালক দ্রুত বিকল্প রাস্তায় যেতে চাইলে ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহণের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নামে শেখ সুফিয়ানের ভাবী সফিনা বেগম নিহত হন।
গুরুতর আহত অটোরিকশার চালকসহ ৫ যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় সুফিয়ানের ফুফু মখলুছ বিবি ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ানের মৃত্যু হয়।