মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার আলী আহসান মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় খুশি ফরিদপুরবাসী। এবার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে তারা। একাত্তরে জেলার বিভিন্ন স্থান মুজাহিদের অপরাধ ক্ষেত্র ছিল।
এতোদিন সেই যুদ্ধাপরাধের দায় চেপে বসেছিল ফরিদপুরবাসীর ওপরও, তার মৃত্যুদণ্ড কার্যকর হলে দায়মুক্তি ঘটবে বলে মনে করছে এলাকার মানুষ।
ফরিদপুরের বকচর, খাবাসপুর ও কোতয়ালী থানার মাচ্চার গ্রামে ৯ জনকে হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন আলবদর কমান্ডার আলী আহসান মুজাহিদ।
এছাড়াও, বুদ্ধিজীবী হত্যার অন্যতম পরিকল্পনাকারী মুজাহিদের নেতৃত্বে দেশজুড়ে আলবদর বাহিনী ধর্ষণ ও হত্যাযজ্ঞসহ নানা মানবতাবিরোধী অপরাধ চালায়।
এ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল থাকায় উল্লসিত ফরিদপুরবাসী।
রায় দ্রুত কার্যকরেরও দাবি মুক্তিযোদ্ধাসহ ফরিদপুরের সর্বস্তরের মানুষের।
রায় ঘোষনার পরপরই আনন্দ মিছিল বের করা হয়। এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে দেয় সাধারণ মানুষ।