দিনাজপুরে বিদেশি নাগরিককে গুলি করার ঘটনায় কসবা মিশনের ইনচার্জ ফাদার ফিলাস কুজুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অজ্ঞাত ব্যক্তিদেরকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়ের করার পর থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে গতকাল দুপুরে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা জামাতের সেক্রেটারিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আর বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামাতের ১৫সহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার মির্জাপুরে বিআরটিসি বাসডিপো এলাকায় দুর্বৃত্তরা ইটালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারিকে (৫০) গুলি করে।
গতকাল আমাদের সংবাদদাতা জানান, ইতালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারি পেশায় একজন চিকিৎসক। সকাল ৮টার দিকে শহরের সুইহারি ক্যাথলিক চার্চ থেকে সাইকেলে করে তার কর্মস্থল কসবা মিশন হাপাতালের দিকে যাচ্ছিলেন। শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে ৩ জন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় পিয়েরোকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপচার শেষে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা বলেন, তার ঘাড়ে গুলি লেগেছে। এদিকে, দিনাজপুর শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
চলতি বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সিজার তাবেলা নামে এক ইটালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়াও রংপুরের কাউনিয়ায় আলুটারিতে ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করে দুবৃর্ত্তরা।