সম্প্রতি বিলুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের মধ্যে ভারতের নাগরিকত্ব গ্রহণকারীদের সেদেশে চলে যাওয়া আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এরইমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে।
তবে বিদায় বেলায় ভারতের নাগরিকত্ব নেয়া এসব মানুষের মন স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চলতি বছরের ৩১ জুলাই ছিটমহলবাসী দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পান। সীমান্ত চুক্তি অনুযায়ী নাগরিকত্ব বদলের সুযোগ নিয়ে ভারতীয় নাগরিকত্বগ্রহণকারী পরিবারগুলো তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে চিরতরে ভারতে চলে যেতে হবে তাদের।
এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ১৯ নভেম্বর প্রথম দফায় লালমনিরহাটের হাতীবান্ধার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী থেকে ১৯টি পরিবারের ৬৪ জন ও পাটগ্রাম উপজেলার লতামারী থেকে একটি পরিবারের ৩ জন বুড়িমারী স্থল বন্দর হয়ে ভারতে চলে গেলেন।
তবে জন্মস্থান ছেড়ে যাওয়ার সময় সবাই ছিলেন বিষন্ন আর এভাবেই ভারতে চলে যাওয়ার মধ্য দিয়েই শেষ হলো দীর্ঘ ৬৮ বৎসরের সকল বঞ্চনার অবসান।
এভাবে পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতীয় নাগরিকত্বগ্রহণকারীদের সে দেশে যাওয়া শেষ হবে।