দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ১০টি বেইলি ব্রিজ।
ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী ভারি যানবাহন। দুর্ঘটনা এড়াতে এসব বেইলি ব্রিজ সরিয়ে জরুরি ভিত্তিতে আরসিসি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী থেকে যাত্রী ও পণ্য পরিবহনের চাপ কমাতে চট্টগ্রাম থেকে মংলা, সিলেট থেকে বেনাপোল ও সিলেট থেকে বরিশাল-খুলনা বিভাগে যাতায়াতের জন্য ২০০১ সালে শরীয়তপুর থেকে চাঁদপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চালু করা হয়।
ফলে এসব জেলাগুলোতে স্থানভেদে যাতায়াতে দূরত্ব কমেছে ১৫০ থকে ২২০ কিলোমিটার পর্যন্ত। গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে রয়েছে ১০টি বেইলি ব্রিজ। তবে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সবকটি ব্রিজ।
দীর্ঘ ২০ থেকে ৩০ বছরের পুরাতন এসব ব্রিজ যেকোনো সময় ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে-- এ আশঙ্কার কথা প্রকাশ করছেন চালক, যাত্রী ও এলাকাবাসীরা।
এদিকে, শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ দেশ টিভিকে বলেন, শিগগিরই ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ অপসারণ করে আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে।