যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকরকে কেন্দ্র করে তাদের নিজ এলাকা চট্টগ্রাম ও ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তাদের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আলী আহসান মুজাহিদের ফরিদপুরের শহরের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য দেশের বেশ কিছু জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে তাদের নিজ এলাকা চট্টগ্রাম ও ফরিদপুরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজ এলাকা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। সালাউদ্দিন কাদেরের জন্মস্থান রাউজানে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এছাড়া ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তাদের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে, আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদের এলাকা ফরিদপুরেও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুজাহিদের পশ্চিম খাবাসপুরের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।