মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজা ও দাফনের সংবাদ সংগ্রহে চট্টগ্রামের রাউজানে আসা সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম জেলার রাউজন উপজেলার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাকা চৌধুরীর দাফন শেষ হওয়ার পর একটি মাইক্রোবাসে করে ফেরার সময় চট্টগ্রাম জেলার রাউজন উপজেলার গহিরা এলাকায় জানাজায় অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
ওই সময় গাড়িটিতে মোহনা টেলিভিশনের রিপোর্টার রাজীব সেন প্রিন্স ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান এবং ইটিভির দুই সাংবাদিক ছিলেন।
জানা গেছে, গহিরা বাজার পার হওয়ার সঙ্গে চলন্ত মাইক্রোবাসটির সামনের এবং পেছনের কাচ গাছ দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেয়। এরপর গাড়ি লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়। এ সময় রাজীব রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন।
পরে রাজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ সাংবাদিকদের বলেন, এত সাংবাদিক নির্বিঘ্নে গেল কারও গাড়িতে হামলা হলো না। মোহনার গাড়িতে হামলার ঘটনা ঘটল কিভাবে এটি আমার মাথায় আসে না। আর ঘটনাস্থলে প্রচুর পুলিশ ছিল। তারা পুলিশকেও বিষয়টি জানায়নি।
এছাড়া ঘটনাস্থল থেকে ফেরার পথে সর্তার ঘাট এলাকায়ও আমাদের পুলিশ ছিল। তারা বিষয়টি কেন জানায়নি বুঝলাম না– বলেন প্রদীপ দাশ।