সার্কিট হাউসে জেলা প্রশাসক পর্যায়ে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান এবং ভারতের মিজোরাম সেক্টরের এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশের পক্ষে বান্দরবানের রুমা, হরিয়ানা, বরকল ২৫ ও ৫৩ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা রয়েছেন বৈঠকে।
ভারতের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন লুংলি জেলার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট আশীষ মহেন্দ্র সুরে, মামিত জেলার মিসেস লালবিয়া শঙ্করী, মামিতের পুলিশ সুপার সিলাল রুমাইয়া, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার প্রমুখ।
বৈঠকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বন্ধুপ্রতিম দুইটি দেশের পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য এবং সীমান্তের নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, কুড়িগ্রামে সকাল ১০টায় দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারতের ডিসি (জেলা প্রশাসক) ও ডিএম (ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট) পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের নেতৃত্বে অংশ নিয়েছেন পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারীসহ ৮ সদস্যর প্রতিনিধি দল।
আর ভারতের পক্ষে অংশ নিয়েছেন আসাম রাজ্যের ধুবরী জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও ধুবরী জেলা নির্বাচন অফিসার দিগন্ত দাস।
বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালন প্রতিরোধ, সোনাহাট স্থল বন্দরের উন্নয়ন, দুই জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বিনিময়সহ ৬টি বিষয়ে আলোচনা হবে।
দ্বিতীয় দিনের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।