বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল : সৈয়দ জামগড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুরের আব্দুল মান্নানের ছেলে জুয়েল (২৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের বলেন, হামলার ঘটনার পর বৃহস্পতিবার রাতে মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকা থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এরইমধ্যে, নিহত মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের ময়না তদন্ত শেষে ওই মসজিদেই দাফনের কথা রয়েছে। আহত ৩ জনের মধ্যে আফতাব হোসেন নামে এক মুসল্লি চিকিৎসা শেষে বাড়ি ফিরেলেও অপর দুই জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠি আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
বিভিন্ন জঙ্গিগোষ্ঠি ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারির যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, বৃহস্পতিবার নামাজরতদের ওপর এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে আইএস। হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতেই মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় কিচক হরিপুর গ্রামের আল মস্তেফা মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা।