ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৪ লেন অবৈধ বাসস্ট্যান্ড, হাট-বাজার গড়ে ওঠায় দখল হয়ে যাচ্ছে। এতে রাস্তা সরু হয়ে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজট। ফলে এ প্রকল্পের কোনো সুবিধা ভোগ করতে পারছেন না চলাচলকারীরা। শিগগিরই এসব অবৈধ হাট-বাজার ও বাসস্ট্যান্ড উচ্ছেদের দাবি ভুক্তভোগীদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্বল্প সময়েই রাজধানী থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাতায়াতের জন্য প্রায় ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে রূপান্তরিত করা হয়। এ প্রকল্পের কিছু অংশের কাজ বাকি থাকলেও রাস্তাটি চালু করে দেয়া হয়েছে।
তবে এরপর থেকেই ভালুকা ও ত্রিশালের বিভিন্ন পয়েন্টে হাট-বাজার ও যত্রতত্র যানবাহন পার্কিং শুরু হয়। বর্তমানে চারলেনের প্রায় অর্ধেকই দখল হয়ে গেছে।
অবৈধ দখলের কারণে রাস্তা সরু হয়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। ফলে বহু কাঙ্খিত চারলেনের সুবিধা ভোগ করতে পারছেন না যাত্রীরা।
এদিকে, পরিবহন শ্রমিকদের দাবি, মহাসড়কে কোন স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই রাস্তার ওপর যানবাহন রাখছে তারা।
অবৈধ দখলের কারণে বিশাল ব্যয়ে নির্মিত এ প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে অভিযোগ করে ভুক্তভোগীরা অবিলম্বে এগুলো উচ্ছেদের দাবি জানিয়েছে।
যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মইনুল হক।