যাতায়াত সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে নড়াইলের আফরা নদীতে বাঁশের সাঁকো নির্মাণ করে এলাকাবাসী। তবে অতিরিক্ত চাপের কারণে কিছুদিনের মধ্যেই সাঁকোটি ভেঙে পড়ে। এরপর জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। গত ৩ বছর ধরে ঝুঁকি নিয়ে সাঁকোটি দিয়ে চলাচল করছে মানুষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নড়াইল সদর উপজেলা ও যশোরের অভয়নগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আফরা নদী। নড়াইলের শেখহাটি ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের ব্যবসা, কেনাকাটা ও চিকিৎসার কারণে যশোর ও খুলনায় যাতায়াত করতে হয়। প্রতিনিয়ত পার হতে হয় আফরা নদী।
এতে ৩ বছর আগে মৃতপ্রায় আফরা নদীতে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয় বাসিন্দারা। তবে কিছুদিনের মধ্যেই ভেঙে যায়।
এরপর থেকেই সাঁকোটি মেরামত করে কোনো রকমে পারাপারের কাজ চলছে। নদীর ওপরে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
নড়াইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মতালেব বিশ্বাস বলেন, স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হচ্ছে।