মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জামাতকর্মী রমজান শেখ (৪২) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব দেশ টিভিকে জানিয়েছেন, রোববার সাড়ে ৮ টার দিকে তাকে আটকের পর সোমবার আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজানকে নিয়ে বন্দর শশ্নানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় তার সহযোগিরা তাকে নিতে পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে রমজান আলী গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুই রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। ২০১৩ সালে নাশকতার ঘটনার তার নামে সাতটি মামলা রয়েছে বলে জানান সদর থানার ওসি।