নারায়ণগঞ্জের আড়াই হাজারে ডাকাত সন্দেহে বৃহস্পতিবার গণপিটুনিতে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় একটি ট্রাকে চাল উঠানোর সময় ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুবৃর্ত্তরা।
এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে আরো ৩ জন মারা যান।
আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন গণপিটুনিতে আট ডাকাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পরে, আশপাশের ডোবা ও এলাকায় খুঁজে আরো দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের পুরিন্দাবাজার এলাকাটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। ভোর রাতে ৫ দিকে একটি খালি ট্রাকে করে ১০ থেকে ১২ জন পুরিন্দাবাজর এলাকায় আসে। সেখানে দুই জন নৈশপ্রহরীকে তারা আশপাশে কোথায় চালের আড়ত রয়েছে তা জানতে চায়। তারা চাল কিনতে এসেছে বলে জানান নৈশপ্রহরীদের। আড়তের অবস্থান জানার পর দুই নৈশপ্রহরীকে তারা হাত, পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়।
এরপর তারা চালের আড়তের তালা ভেঙে চাল ভর্তি বস্তা ট্রাকে তুলতে শুরু করে। ওই দুই নৈশপ্রহরীর মধ্যে একজন কৌশলে বাধন খুলে সেখান থেকে বাজারের পেছনের গ্রামে গিয়ে বিষয়টি জানায়।
পরে, স্থানীয় মসজিদে মাইকিং করে বিষয়টি ঘোষণা দেয়া হয়। গ্রামবাসী ও বাজারের লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
পরে, আশপাশের ডোবা ও এলাকায় খোঁজে আরো ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
পুলিশ জানায়, মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে, ময়নাতদন্ত শেষে আড়াইহাজার থানায় নেয়া হবে। তবে, এখনো তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।