আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোতে এখন উৎসবের আমেজ। প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তার সমর্থকরা। পৌরবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের হিসাব-নিকাষে আলোচনায় ব্যস্ত ভোটাররাও।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রেলের শহর হিসেবে পরিচিত রাজবাড়ী। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত শহরবাসী। রাস্তা-ঘাটের বেহাল দশা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, মাদকের বিস্তার শহরের সবচেয়ে বড়ো সমস্যা।
তাই দেখে-শুনে মেয়র ও কাউন্সিলর পদে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
এ পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এর মধ্যে কাউন্সিলর পদে তরুণ প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করার মতো। শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করতে চান তারা। নারীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় নারী প্রার্থীরা।
আসন্ন পৌর নির্বাচনে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন- এ তিনটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা দিন-রাত ব্যাস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কাউন্সিলর ও নারী প্রার্থীরাও।
এদিকে, কে হচ্ছেন পৌর মেয়র, তা নিয়ে পাড়া-মহল্লায় চায়ের কাপে আলোচনার ঝড় উঠছে। এলাকার উন্নয়ন আর সমস্যা সমাধানে যাকে কাছে পাবেন, তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা।