সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তির পর প্রথমবারের মতো বাংলাদেশি নাগরিক হিসেবে বিজয় দিবস উদযাপন করলো। বুধবার সকাল থেকে এসব এলাকায় চলছে নানা কর্মসূচি। দীর্ঘদিন মূল ভুখণ্ডের বাইরে থাকা এসব মানুষ মুক্ত জীবনে বিজয় দিবস উদযাপন করতে পেরে খুশি।
৬৮ বছর পরিচয় ছিল ছিটমহলের মানুষ হিসেবে, ছিল না কোনো দেশের পরিচয়। গত ৩১ জুলাই ছিটমহলগুলো ভারত-বাংলাদেশের মূল ভুখন্ডের সঙ্গে যুক্ত হওয়ায় ঘুচে গেছে সেই পরিচয়। আর তাই দীর্ঘদিন পর বাংলাদেশের নাগরিক হয়ে মুক্ত পরিবেশে বিজয় দিবস উদযাপন করেছে এসব এলাকার মানুষ।
পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সে ধারায় ছিটমহলের মানুষও যোগ হবে।
অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুড়িগ্রাম ও লালমনিরহাট ছিটমহলেও বিজয় আনন্দ ছড়িয়ে পড়ে। শিশু-কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে ছিল উল্লাস।
বিজয় দিবসের সকালে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যা লী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনভর ছিল খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।