কুষ্টিয়ার আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের সদর উপজেলার নলকুলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন : মুনিব (৩৫) ও জাহানারা (২৬)। মুনিবের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর গ্রামে। জাহানারা ঝিনাইদহের দাড়াগঞ্জ এলাকার কদর মোল্লার মেয়ে। মুনিব ও জাহানারা সম্পর্কে দুলাভাই ও শ্যালিকা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে মুনিব, জাহানারা ও চালকসহ মোটরসাইকেলে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশার দিকে যাচ্ছিলেন। নলকুলা এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলে মুনিব ও জাহারানা মারা যান। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনিব ও জাহানারা ঘটনাস্থলে মারা গেছেন। মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় ওই সড়কে চালকসহ একটি ট্রাক আটক করা হয়েছে। ওই ট্রাকে রক্ত লেগে আছে। তবে ওই ট্রাকটি ঘাতক ট্রাক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।