দেশের যেসব এলাকায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব এলাকার নাগরিকদের ভোট দেয়ার অধিকার নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড, মিজানুর রহমান।
রোববার দুপুরে রংপুরের বেগম রোকেয়া মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে মানবাধিকার প্রণয়ন বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।
এতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে— এটা কখনই জাতির জন্য শুভ বার্তা বয়ে আনবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আশা করেন, নির্বাচন কমিশনের উপর যে ধরনের দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা তা নিষ্ঠার ও সততার সঙ্গে পালন করে দেশের গণতন্ত্র ও মানবাধিকারের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড- বহাল থাকলেও তারা আমাদের দেশের মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছে। আমাদের দেশে দুজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তখন তারা তার বিরোধীতা করে মাঠে নামলো। তখন তাদের কুৎসিত চেহারা ফুটে ওঠল। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
আগামী বছরে প্রথমেই রংপুরে জাতীয় মানবাধিকার কমিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম শুরু হবে জানান তিনি।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, এ,কে এম নূর উন নবী, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ ,মানবাধিকার সচিব আমজাদ আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার বক্তব্য রাখেন।
কর্মশালায় শিক্ষক, আইনজীবী, সাংবাদিক বিভিন্ন এনজিও প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেন।
আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।