মেহেরপুর সদর উপজেলায় সোমবার গ্রামবাসীর গণপিটুনিতে ইজারুল ইসলাম (৪১) নামের এক ডাকাত সর্দারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানিয়েছেন, রাত দেড়টার দিকে চালতাতলা পাড়ায় সৌদি প্রবাসী মিন্টু শেখের বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ওই গ্রামের সৌদি প্রবাসী মিন্টু শেখের ছেলে হারেজ ও প্রতিবেশি রশিদ। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় মিন্টু শেখের স্ত্রী চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে।
পরে গ্রামবাসীর গণপিটুনিতে ইজারুল গুরুতর আহত হয়। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজারুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইজারুলের নামে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজির প্রায় ১৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি।