নাশকতা প্রতিরোধে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে নড়াইল, যশোর, দিনাজপুর ও খাগড়াছড়ি থেকে শতাধিক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল সদর থানায় ৯ জন, লোহাগড়া থানায় ১২ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ৭ জন। তাদের ৪৩ পিস ইয়াবা, ১৯ পুরিয়া গাঁজা উদ্ধার করার ঘটনায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান নড়াইলের এ পুলিশ সুপার।
আর যশোরের আটটি থানা থেকে ৫৭ জনকে আটক করেছে পুলিশ। এরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
এদিকে, খাগড়াছড়ি মানিকছড়িতে পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১০টার মানিকছড়ি আর্মি ক্যাম্পের পাশে রাস্তায় ঘুরাঘুরি করার সময় সন্দেহ হলে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পয়েন্ট পিস্তল ও ৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হতে পারে।
এছাড়াও নাশকতার আশঙ্কায় দিনাজপুর থেকে ১৩ জনকে আট করা হয়েছে।