‘র্যাব পরিচয়ে’ বাড়ি থেকে তুলে নেওয়ার ১৪ দিন পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে উদ্ধার করা হয়েছে। বুধবার চট্টগ্রামের মিরসরাইয়ের একটি হোটেল থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে দুই যুবককে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী সাইফুজ্জামানকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।
পুলিশ ও সাইফুজ্জামানের পরিবার জানায়, চট্টগ্রামের মিরসরাইয়ের একটি হোটেল থেকে চোখ বাঁধা অবস্থায় সাইফুজ্জামানকে উদ্ধার করা হয়েছে।
সাইফুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এক সংবাদ সম্মেলনে সোহাগের বাবা আক্কাস-উজ-জামান দাবি করেন, ৯ ডিসেম্বর রাত তিনটার দিকে ১৫ জনের মতো একটি দল সাদা একটি মাইক্রোবাসে করে এসে ‘র্যাব পরিচয়ে’ রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার পশ্চিমপাড়ার বাড়ি থেকে সোহাগকে তুলে নিয়ে যায়।
গত ১১ ডিসেম্বরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে পরিবারের পক্ষ থেকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ল্যাপটপ ও ক্যামেরাসহ সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে, আমাদের বলেছে, সকালে থানায় খোঁজ করবেন।’ এর পর থেকে সোহাগকে পাওয়া যাচ্ছিল না।