ঢাকার পর এবার চট্টগ্রামের আমানবাজার এলাকার জঙ্গি সংগঠন জেএমবি'র আস্তানা থেকে স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক ৩ জন হলেন: মো. নাঈম (২৫), মো রাসেল (২৪) ও মো. ফয়সাল (২৫)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারি থানার আমানবাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসনে জঙ্গি বিরোধী অভিযান চালায়।
এ সময় ভবনটির নিচতলা থেকে একটি স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটককৃত ৩ জনই নিষিদ্ধ সংগঠন জেএমবি'র সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়ান্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আকতার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে নাঈমকে, নালাপাড়া থেকে ফয়সালকে ও কসমোপলিটন এলাকা থেকে রাসেলকে আটক করেন। তারা ৩ জনই চট্টগ্রামে জেএমবির প্রধান মো. ফারদিনের সহযোগী।
পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়— বলেন, বাবুল আকতার।
এর আগে গত ২৪ ডিসেম্বর রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির তিন গুরুত্বপূর্ণ নেতাসহ ৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে ১৬টি হাতে তৈরি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক ও সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়।