ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় পারভেজ (২৩) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাত পৌনে ১০টার দিকে পৌরসভার গোহাটা এলাকায় পারভেজ বিড়ি ফিরছিলেন বলে জানান উপজেলা যুবলীল সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।
পারভেজ পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগ সদস্য বলে জানান তিনি।
জুয়েল সরকার অভিযোগ করেন, পারভেজ তার কার্যালয়ে মিটিং শেষ করে বাসায় ফিরছিলেন। আনিস গ্রুপের সন্ত্রাসীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে। এটি নির্বাচনী সহিংসতা।
এ ব্যাপারে পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিসের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান সাংবাদিকদের।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পারভেজ নামের ওই যুবলীগ কর্মী পৌর এলাকার ৩নং ওয়ার্ডে বাস করতেন। রাত পৌণে ১০টার দিকে গো-হাটা এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে অতর্কিতে হামলা চালায় তার ওপর। এতে ঘটনাস্থলেই পারভেজ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিসের কাছে হেরে যান। এনিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা বলে স্থানীয়দের অভিমত।