মাগুরায় শনিবার বাস উল্টে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল ৮টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় বাসস্ট্যান্ড থেকে যশোরের উদ্দেশে বাসটি ছেড়ে যায়। বাসটি ওই সড়কের টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম নামে এক যাত্রী মারা যান। তিনি মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি মাগুরা থেকে যশোর যাচ্ছিল। আজ সকাল পৌনে ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের ভায়নায় টেক্সটাইল মিলের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে ভর্তি ছয়জনের মধ্যে প্রণব সাহা (৩৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
এসআই বলেন, নিহত রাকিবুল মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড অফিসার ছিলেন। তিনি যশোর শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁর বাড়ি মাগুরার ওমেদপুর গ্রামে।
চালকের সহকারী বাসটি চালাচ্ছিলেন জানিয়ে এসআই তারিকুল বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।