মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের মতো মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নেতিবাচক রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে একটি দেশ যে উন্নত হতে পারে তা বাংলাদেশ প্রমাণ করেছে।
এর আগে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১টা ৫১ মিনিটে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তিনি। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, লে.কর্নেল(অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।
দুপুরে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেওয়ার পর জুম্মার নামাজ আদায় করবেন শেখ হাসিনা।
বিকেল ৩টায় হেলিকপ্টারে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো টুঙ্গিপাড়ায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।