সিলেটের খাদিমনগরে বিসিক শিল্প নগরী এলাকায় দুই কর্মচারি খুনের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে শুক্রবার রাতেই নগরীর শাহপরান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহতরা হলেন : চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে মো. রাজু (১৯) ও শরীয়তপুর জেলার বাসিন্দা আবু মিয়া (২৫)।
এদিকে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সকালে দুই ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিসিকের শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
শুক্রবার সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে বিসিক শিল্পনগরীতে বনফুলের শ্রমিক রাসেল আহমেদের সঙ্গে স্থানীয় কয়েকজন বখাটের কথা কাটিকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পর তারা রাসেলের ওপর হামলা চালায়। এসময় রাসেলের দুই সহকর্মী রাজু ও তাপ্পু তাকে বাচাঁতে গেলে দুর্বৃত্তরা তাদের মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজু ও তাপ্পুর মৃত্যু হয়।
এদিকে, রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।