গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ডিগ্রি কলেজের কাছে বুধবার বাস দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সকালে উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে মহিলা কলেজের কাছে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মারা যান। এ দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি বাসের ধাক্কায় মঙ্গলবার কাঠ বোঝাই নসিমনের চালকসহ ৩ জন মারা গেছেন।
নিহতরা হলেন : নসিমন চালক রাশেদুল (২৭), তার সহকারী টিটুল (২৫) ও কাঠ ব্যবসায়ী মিঠুন (২৩)। সবার বাড়ি মিঠাপুরের শিরুডাঙ্গা গামে।
এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক মণ্ডল বলেন, মিঠুন নসিমনে করে কাঠ নিয়ে মিঠাপুকুর বাজারে একটি স’ মিলে যাবার সময় অন্যদিক থেকে আসা তাজ পরিবহনের বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় নসিমন উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানা তিনি।
এছাড়া ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়ার কসকা এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে একজন কনস্টেবল মারা গেছেন। আহত হন আরো ২ জন পুলিশ সদস্য।
নিহত রফিকুল ইসলাম (৫০) ফাজিলপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান বলেন, রাত ৩টার দিকে টহল দেয়ার সময় একটি ট্রাক পেছন থেকে পুলিশভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবল রফিকের মৃত্যু হয়। গুরুতর আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
ট্রাকটি আটক করা যায়নি বলে জানান এসআই জয়নাল।