নারায়ণগঞ্জের পাঁচ খুন মামলার বাবুরাইলে শিশুসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে নিহত তাসলিমার স্বামী শফিকুলের ভাগনে মাহফুজ।
বৃহস্পতিবার দুপুরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা স্বীকার করে মাহফুজ।
দুপুর সাড়ে ১২ টা থেকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাহফুজ।
এর পর নারায়ণগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খন্দকার মহিত উদ্দিন।
পুলিশ সুপার বলেন, মাহফুজ শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন সকাল ৭ টা পর্যন্ত একাই এসব হত্যাকাণ্ড ঘটায়। ছোট মামী সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দেয়াকে কেন্দ্র করেই এসব হত্যাকাণ্ড ঘটে বলে জানায় মাহফুজ।
আদালতে দেয়া জবানবন্দিতে ৫ জনকে হত্যার রোমহর্ষক বর্ণনা দেয় তিনি। সোমবার মাহফুজকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে যে কোনো সময় শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার ১৩২/১১ নম্বর বাড়ির নিচ তলার পূর্ব-উত্তর দিকের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড হয় বলে জানানো হয়।
নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে দুই নারী, দুই শিশু ও একজন পুরুষ। নিহতরা হলেন_ তাছলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোশাররফ ওরফে মোর্শেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)।