নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ তিন জন আহত হয়েছে।
ঘটনায় আহত ও পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভাপ্রাপ্তকর্মকর্তা-ওসি কাজী হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা এবং কী কারণে এ হামলা এখনো তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
গুলিবিদ্ধরা হল: পদিপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (২২), মো. হাসান (১০) ও রিয়াদ হোসেন রাসু (১৫)। এদের মধ্যে হাসান পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ হাসান বলে, রাতে বাবার জন্য পান কিনতে বাজারে এসেছিলাম— ওই সময় গুলি লাগে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন জানান, শিশু হাসানের পা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে এবং অন্যদের হাতে-পায়ে গুলিবিদ্ধ হয়েছে।