ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে রোববার দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
তারা হলেন: উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লালু মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে লাল মিয়ার গ্রুপ।
মামলা এবং কথাকাটাকাটির জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সালামের লোকজন লালমিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে লাল মিয়া গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা নেয়া পথে তার মৃত্যু হয়।
এদিকে, মৃত্যু খবর পাওয়ার পর লাল মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসময় হামলায় আবদুস সালাম নিহত হন।