সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবিব হত্যাকাণ্ডের দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামরায় ধরা পড়লেও খুনিদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটি এড়িয়ে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
প্রতিদিনিই ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়া চেষ্টা করছে।
এ ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুলিশের নিষেধাজ্ঞা আছে এ কারণ দেখিয়ে সিসি টিভির ফুটেজ দিতে অস্বীকৃতি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলছে, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
গত ১৯ জানুয়ারি দুপুরে দলীয় কোন্দলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা হাবিবকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাতেই মারা যান হাবিব। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামরায় ক্যামেরাবন্দি হয়।
পরে পুলিশ আলামত হিসেবে সেই ফুটেজ জব্দ করে। তবে ঘটনার ১১ দিনেও আটক হয়নি হত্যাকারীরা। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।