দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় একটি ট্রাক খাদে পড়ে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
নিহতরা হলেন : ইসমাইল হোসেন, রেজাউল, জাকিরুল, দিলীপ চন্দ্র। তাদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিলাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরে যাওয়ার পথে বড় পুকুরিয়া কয়লা খনির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান।
পরে কয়লা খনির নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, হতাহতদের মধ্যে ট্রাক শ্রমিকরা ছাড়াও খনি এলাকার স্থানীয়রা থাকতে পারেন।
এদিকে, ঘন কুয়াশার জন্য বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর খুঁটির কাছে একসঙ্গে চারটি ট্রাক দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ঘন কুয়াশার মধ্যে সেতুতে পর পর থাকা উত্তরবঙ্গগামী ৪টি মালবোঝাই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এর ফলে কয়েকজন চালক ও সহকারী আহত হন।
প্রসঙ্গত, রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের যোগাযোগের গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সেতুতে গত ৯ জানুয়ারি একই ধরনের দুটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ ৯ জন মারা যান। আহত হন পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৪৫ জন।
পরে সরকার পক্ষ থেকে কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দেয়া হয়।