শ্রেণীকক্ষ ও শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিয়ত বিড়ম্বনা পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
এতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর।
মুক্তিযুদ্ধকালীন দেশের অস্থায়ী রাষ্ট্রপতির নামে ১৯৭২ সালে কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সময়ের পরিক্রমায় বিদ্যালয়ের শিক্ষার পরিসর পঞ্চম শ্রেণী থেকে বাড়িয়ে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৮৮০ জন।
বিদ্যালয়টিতে লেখাপড়ার মান ভালো হলেও রয়েছে শ্রেণীকক্ষ ও শিক্ষকসহ নানা সংকট। বিদ্যালয়ে ১০ জন শিক্ষকের জায়গায় রয়েছে ৭ জন। শিক্ষক সংকটের কারণে ব্যহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
রয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব। গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। গতবছরের ১৫ এপ্রিলের ভূমিকম্পে দু'টি শ্রেণীক্ষের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়।
এদিকে, বিদ্যালয়ের নানা সংকটের কথা স্বীকার করলেও সমস্যা সমাধানে কোনো আশ্বাস দিতে পারেননি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম মাওলানা।