ভোলার চরাঞ্চলগুলোতে নির্বিচারে অতিথি পাখি নিধন হচ্ছে। শীত মৌসুমে সাইবেরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা অতিথি পাখিরা শিকারীদের কারণে নিরাপদে বিচরণ করতে পারছে না।
এতে একদিকে পাখির বিচরণ কমে যাচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। পাখি রক্ষায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসন কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় শিকারীদের দৌরাত্ম আরো বৃদ্ধি পাচ্ছে।
শীত মৌসুমে খাবারের সন্ধানে ভোলার উপকূলের বিচ্ছিন্ন দ্বীপ নেয়ামতপুর, মদনপুর, তারুয়া, কুকরী-মুকরী, ঢালচর, চর পালিতা ও মনপুরাসহ কমপক্ষে ৩০টি চরে এসেছে নানা প্রজাতির কয়েক লাখ অতিথি পাখি। রং বেরংয়ের এসব পাখিদের কলতানে মুখর চরগুলো।
দুর্গম এসব চরাঞ্চল পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও শিকারীদের হাতে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য পাখি। চরে ধানের সঙ্গে বিষ মিশিয়ে নির্বিচারে পাখি শিকার করছে শিকারীরা।
বিষটোপ মিশ্রিত মৃত ও জীবিত এসব পাখি চড়া দামে বিক্রি করছে শিকারীরা। বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে হোটেল রেস্তোরাগুলোতে।